যোগফল প্রতিবেদক:
বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গেলে বাসায় থাকা অবস্থায় আব্দুল খালেক তার মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ঘটনাটি কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটি তার দুই সহপাঠীর কাছে ঘটনা প্রকাশ করে। তাদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ করা হয়।
এরপর ২০২০ সালের ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আলী আসগর বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার সাজা দিয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম