যোগফল প্রতিবেদক:
হবিগঞ্জের সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে অংশ নেয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলিগুলো উদ্ধার করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
বিজিবি আরও জানায়, গত তিন মাসে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৫৮৫টি ইয়াবা, ৫৯ বোতল মদ ও ২১টি গরু আটক করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম