যোগফল প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার স্বামীহারা মালা আক্তার একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। চা বিক্রির আয়ই মা ও সন্তানের সংসার চালানোর একমাত্র অবলম্বন।
সম্প্রতি তার চা বিক্রির প্রধান উপকরণ কেটলিটি নষ্ট হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন তিনি। এ অবস্থায় নতুন একটি কেটলি কেনার জন্য আর্থিক সহায়তা চেয়ে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন মালা আক্তার।
তার আবেদনের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কেটলি কেনার জন্য নগদ ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে তার একমাত্র প্রতিবন্ধী সন্তানের জন্য এক ব্যাগ শুকনো খাবারও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এই সহায়তায় মালা আক্তারের চা বিক্রির কাজ আবারও চালু করার সুযোগ তৈরি হয়েছে। এতে তার পরিবারের জীবিকা নির্বাহের পথ কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবিকার পথ সচল রাখতে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে মানবিক ও জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
মানবিকতার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগই জনসেবাকে আরও অর্থবহ করে তোলে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম