যোগফল প্রতিবেদক:
মাত্র ৩২ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ডিফেন্ডার জো ব্রায়ান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালের হয়ে মাঠে ছিলেন এই ফুটবলার।
ফুটবলের প্রতি আগের মতো আগ্রহ ও অনুভূতি আর কাজ করছে না—এমন উপলব্ধি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ব্রায়ান। নিজের মানসিক শান্তির জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে ব্রায়ান লেখেন, খেলোয়াড়ি জীবনের পর্দা নামানোর এটাই সঠিক সময় বলে মনে করছেন তিনি। প্রত্যাশামতো নিখুঁত সমাপ্তি না হলেও সিদ্ধান্তটি নিয়ে তিনি শান্তিতে আছেন এবং জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত।
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ব্রায়ান বলেন, ক্যারিয়ারের ব্যর্থতা, সাফল্য, বাধা ও অর্জনের প্রতিটি সময়ে যারা তাকে সমর্থন করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাদের কারণে তার ফুটবলযাত্রা বিশেষ হয়ে উঠেছে বলেও জানান তিনি।
মাত্র আট বছর বয়সে ব্রিস্টল সিটির একাডেমিতে যোগ দেন ব্রায়ান। ২০১১ সালে ক্লাবটির সঙ্গে পেশাদার চুক্তি করেন তিনি। পরের বছর ১৮ বছর বয়সে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মূল দলে অভিষেক হয় তার। ব্রিস্টল সিটির হয়ে মোট ২৩০ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।
২০১৮ সালের গ্রীষ্মে ফুলহামে যোগ দিয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় ব্রায়ানের। ক্লাবটির হয়ে পাঁচ মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৯-২০ মৌসুমে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে জোড়া গোল করে ফুলহামকে প্রিমিয়ার লিগে ওঠাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্রায়ান। অতিরিক্ত সময়ে প্রায় ৪০ গজ দূর থেকে করা তার দুর্দান্ত ফ্রি-কিকের গোলটি এখনো ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।
ফুলহামের হয়ে ১১৭ ম্যাচ খেলার পর ২০২৩ সালে মিলওয়ালে যোগ দেন তিনি। এর আগে ফরাসি ক্লাব নিসের হয়েও ধারে খেলেছিলেন ব্রায়ান। শেষ পর্যন্ত মিলওয়াল হয়েই তার পেশাদার ক্যারিয়ারের শেষ ঠিকানা।
অবসরের ঘোষণার পর সাবেক ক্লাব ফুলহামের অধিনায়ক টম কেয়ার্নি তাকে ‘ফুলহামের কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন। লেস্টার সিটির সাবেক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলও ব্রায়ানের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম