যোগফল প্রতিবেদক:
ধনাঢ্য পরিবারে জন্ম, মাত্র ১৩ বছর বয়সে বিয়ে। দাম্পত্য জীবনে মানিয়ে নিতে না পারা, হতাশা ও নানা পারিবারিক সংকটের মধ্য দিয়ে ধীরে ধীরে মাদকে জড়িয়ে পড়েন ২৮ বছর বয়সী এক তরুণী। ইয়াবা দিয়ে শুরু হওয়া সেই আসক্তি একপর্যায়ে তাকে নিয়ে যায় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে।
শুধু ওই তরুণীই নন, পারিবারিক, সামাজিক ও মানসিক নানা সংকটে পড়ে শিক্ষিত ও স্বচ্ছল পরিবারের অনেক তরুণীও এখন মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত হচ্ছেন।
নারকোটিক্সের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২০ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ছয় বছরে সরকারি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রগুলোতে ৩ হাজার ১০৬ জন নারী চিকিৎসা নিয়েছেন।
তবে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নিরাময়কেন্দ্রে সাধারণত ছিন্নমূল ও দরিদ্র নারীদের একটি বড় অংশ চিকিৎসা নিতে আসেন। উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের নারীদের বেশির ভাগই বেসরকারি নিরাময়কেন্দ্রে চিকিৎসা নেন। ফলে সরকারি পরিসংখ্যানে নারীদের প্রকৃত মাদকাসক্তির চিত্র পুরোপুরি উঠে আসে না।
রাজধানীর শ্যামলীতে আহ্ছানিয়া মিশন পরিচালিত ৪০ শয্যার নারী মাদকাসক্তি নিরাময়কেন্দ্রেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক তরুণী। বর্তমানে সেখানে ৩১ জন নারী চিকিৎসাধীন। তাদের মধ্যে ২০ জনই ইয়াবায় আসক্ত।
চিকিৎসাধীন নারীদের মধ্যে ১২ জন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক, চারজন গৃহিণী, দুজন ব্যবসায়ী, একজন বেসরকারি চাকরিজীবী এবং ১১ জন বেকার রয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, নারীদের মাদকাসক্তির বিষয়টি পুরুষের তুলনায় আরও বেশি উদ্বেগের। কারণ মাদকাসক্ত নারী গর্ভধারণ করলে মাদকের ক্ষতিকর প্রভাবে অনাগত সন্তানের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
এ ছাড়া নারীদের মাদকাসক্তির চিকিৎসা গ্রহণের সুযোগও তুলনামূলকভাবে কম। সামাজিক stigma, পারিবারিক বাধা ও লোকলজ্জার কারণে অনেক নারী নিজের মাদকাসক্তির কথা প্রকাশ করতে চান না। ফলে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের বাইরে থেকে যান অনেকেই।
বিশেষজ্ঞরা মনে করছেন, নারীদের মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সহজলভ্য চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসনের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে অল্প বয়সে বিয়ে, পারিবারিক অশান্তি, হতাশা ও সামাজিক চাপের মতো ঝুঁকিগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম