যোগফল প্রতিবেদক:
চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটির ডাকে কর্মবিরতি শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পুলিশ ও শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, ‘শ্রমিক কল্যাণে ব্যয়’ দেখিয়ে বাস থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মধ্যে বুধবার এক শ্রমিককে মারধরের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান অভিযোগ করে বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের একটি সংগঠন দীর্ঘদিন ধরে সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতিতে গেছেন। তবে এ কর্মসূচি পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটির ডাকে হচ্ছে বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে সংগঠনের নিয়ম অনুযায়ী বাস থেকে চাঁদা আদায় করা হয়। বরং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন তাদের নিজস্ব যানবাহনের পাশাপাশি বাস থেকেও চাঁদা আদায় করছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
দুই শ্রমিক সংগঠনের এই বিরোধ নিয়ে অতীতেও একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে স্থায়ী কোনো সমাধান হয়নি। এর মধ্যে হঠাৎ করে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মোড়সহ বিভিন্ন এলাকায় যাত্রীদের বিকল্প হিসেবে অটোরিকশায় রাজশাহী ও আশপাশের উপজেলায় যেতে দেখা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, দুই সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে। প্রায় এক ঘণ্টা বৈঠক চললেও কোনো সমঝোতা হয়নি।
তিনি বলেন, দুই পক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারলেও সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম