যোগফল প্রতিবেদক:
বগুড়ার সোনাতলা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় লিখিতভাবে ক্ষমা চেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু। একই সঙ্গে ভাঙচুর করা স্টেশনের কম্পিউটার মেরামত করে দেওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয় নেতাদের মধ্যস্থতায় স্টেশন মাস্টারের কার্যালয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুবদল নেতা কামরুল হাসান বাবু একটি লিখিত অঙ্গীকারনামা দেন।
অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেন, রেলওয়ের জায়গায় টয়লেট নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও রেলস্টেশনের কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি জনসাধারণের পক্ষ থেকে ক্ষমা চান। ভবিষ্যতে রেলস্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার বিষয়েও লিখিত অঙ্গীকার করেন তিনি।
এর আগে বুধবার দুপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সোনাতলা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, যুব ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী স্টেশন মাস্টারসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেন। এ সময় বুকিং কাউন্টারের একটি কম্পিউটার ভাঙচুর করা হয়।
ঘটনার পর নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মবিরতিতে যান রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে সমঝোতা বৈঠকে বিষয়টি মীমাংসা হলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
রেলওয়ের জায়গায় টয়লেট নির্মাণের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, সেখানে টয়লেট নির্মাণের কোনো পরিকল্পনা তাদের ছিল না। অধিদপ্তরকে না জানিয়েই স্থানীয় কিছু ব্যক্তি ঠিকাদারের মাধ্যমে ওই জায়গায় কমিউনিটি টয়লেট নির্মাণের কাজ শুরু করেছিলেন। রেলওয়ে কর্তৃপক্ষ স্থাপনাটি উচ্ছেদ করার পর প্রকল্পটি বাতিল করা হয়েছে।
স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বুধবার সন্ধ্যায় বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে। ভাঙচুর হওয়া কম্পিউটারটি রাতেই মেরামত করে দেওয়া হয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। বর্তমানে ট্রেনের সময়সূচিসহ সোনাতলা রেলস্টেশনের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম