যোগফল প্রতিবেদক:
জয়পুরহাটের ক্ষেতলালে হিজাব ও বোরকা পরে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে চুরি ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আব্দুল মুমিন (৩৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয়রা। এ সময় তাঁর সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে গেছেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুই ব্যক্তি বোরকা ও হিজাব পরে বেলাল হোসেনের বাড়িতে প্রবেশ করেন। পরে তারা তাঁর স্ত্রী সাজেদা বেগমের কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সাজেদা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে আব্দুল মুমিনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন। তবে তাঁর সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন।
পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমিনকে হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, রাতে বোরকা ও হিজাব পরা দুই ব্যক্তিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে রাত আনুমানিক ২টার দিকে তারা বেলালের বাড়িতে ঢোকে। কিছুক্ষণ পর তাঁর স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুজন পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে একজনকে অস্ত্রসহ আটক করা হয়।
আটক আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম স্থানীয় বাসিন্দা হলেও কাজের সূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করেন বলে জানা গেছে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামবাসীর সহায়তায় আটক মুমিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ পলাতক আরিফুল ইসলামকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম