যোগফল প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও সমাজসেবক-ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুর রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক চিঠিতে তাকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদনের বিষয়টি জানানো হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদনের তারিখ থেকে ছয় মাস তিনি এ দায়িত্ব পালন করবেন।
জাহিদুর রহমান খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী। নিজের শিক্ষাজীবনের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির দায়িত্ব পাওয়ায় তিনি এটিকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন।
দায়িত্ব পাওয়ার পর জাহিদুর রহমান বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। তাই এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্কটা অন্যরকম। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়।’
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে জাহিদুর রহমান অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও সমাজসেবামূলক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাহিদুর রহমান প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম