যোগফল প্রতিবেদক:
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও এখনো ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয়। শনিবার (২২ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে কথা বলেছেন।
এদিকে ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ নিষেধাজ্ঞাকে ‘সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। এই পথে জাহাজ চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব পড়তে পারে। ফলে প্রণালিটি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। নাবাতিয়েহ প্রদেশের বিন্ত জবেইল জেলার কয়েকটি এলাকা, দেইর সিরিয়ান শহরের আশপাশ এবং টায়ার জেলার আল-মানসুরি শহরে হামলা হয়েছে বলে জানা গেছে।
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং দক্ষিণ লেবাননে নতুন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম