যোগফল প্রতিবেদক:
গাজীপুরের কলমেশ্বর, কে.বি. বাজার ও ন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় অবস্থিত ইউনিক ডিজাইনার্স লিমিটেড এবং ইউনিক ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি জারি করা এক নোটিশে জানানো হয়েছে, সম্পদ বিক্রয় কার্যক্রমে কিছুটা বিলম্ব হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। তবে সম্পদ বিক্রয় ও অর্থ প্রাপ্তির প্রক্রিয়া বর্তমানে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ আগস্ট, ২৭ আগস্ট, ৩০ আগস্ট ও ৩১ আগস্ট ২০২৬ ধাপে ধাপে শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে। পরবর্তী ধাপে রিজাইন, মাতৃত্বকালীন সুবিধা, মৃত শ্রমিকদের পাওনাসহ অন্যান্য প্রাপ্য অর্থ পরিশোধের কার্যক্রমও নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, পাওনা গ্রহণের জন্য শ্রমিক-কর্মচারীদের নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ আইডি কার্ড সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা পাওয়ার অপেক্ষায় থাকা শ্রমিক-কর্মচারীদের মধ্যে এ উদ্যোগ কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শ্রমিকদের প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও সুষ্ঠু প্রক্রিয়ায় পরিশোধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম