যোগফল প্রতিবেদক:
সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-রিয়াদের বিপক্ষে আল-নাসরের ৪-০ গোলের জয়ে একটি গোল করে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান এই তারকা।
৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে আল-রিয়াদের জালে বল পাঠান রোনালদো। এই গোলের মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়েন তিনি।
এর আগে এই রেকর্ডটি ছিল সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচের দখলে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।
রোনালদোর এই রেকর্ড আরও বিশেষ, কারণ চার দেশের পাঁচটি ক্লাবের হয়ে গোল করে এই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। স্পোর্টিং দিয়ে ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেছেন। এরপর সৌদি আরবের ক্লাব আল-নাসরেও গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
আল-রিয়াদের বিপক্ষে করা গোলটি রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ফলে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম