যোগফল প্রতিবেদক:
নাট্যকার হিসেবে একাধিক সাফল্য ও সম্মাননা অর্জনের পর এবার নতুন দায়িত্ব পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল। টেলিভিশন নাট্যকার সংঘের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটিতে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর ফরিদুল ইসলাম রুবেল বলেন, টেলিভিশন নাট্যকার সংঘের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের। সংগঠনের কার্যক্রম ও নাট্যকারদের কাজ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নাট্যকার হিসেবে ফরিদুল ইসলাম রুবেলের লেখা ও গল্পে নির্মিত বিভিন্ন নাটক ও টেলিফিল্ম দর্শকদের প্রশংসা পেয়েছে। চলতি আগস্ট মাসেও তার গল্পে নির্মিত টেলিফিল্ম ‘এক মুহূর্ত’ প্রচারিত হয়েছে।
সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে তিনি শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড—শ্রেষ্ঠ নাট্যকার ২০২৪, ট্রাব স্টার অ্যাওয়ার্ড—শ্রেষ্ঠ নাট্যকার ২০২৪ এবং মাদার তেরেসা অ্যাওয়ার্ড—শ্রেষ্ঠ নাট্যকার ২০২৫ অর্জন করেছেন। এছাড়া এজেএফবি অ্যাওয়ার্ড ২০২৬ ও বায়োস্কোপ বেস্ট প্লেরাইট অ্যাওয়ার্ড ২০২৬-এও শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
বিভিন্ন আয়োজনেও বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪–২০২৫ এবং মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার লুক ২০২৪ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ফরিদুল ইসলাম রুবেল।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নাট্যনির্মাতা শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।
১৯ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়। সাংগঠনিক সম্পাদক প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান, আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মারুফ হোসেন সজিব।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম