যোগফল প্রতিবেদক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি অভিনয়ের পাশাপাশি নিজের ভাবনা ও অনুভূতিও প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার অনুভূতি জানিয়েছেন এই অভিনেত্রী।
ছবির সঙ্গে পূজা চেরি লিখেছেন, “নিজের অজান্তেই সেই নারী হয়ে উঠছি, যার কল্পনা আমি একসময় করতাম।” তার এই কথায় নিজের পরিবর্তন ও অর্জন নিয়ে আত্মবিশ্বাসের প্রকাশ পেয়েছে।
ছবিতে সাদা শার্ট ও নীল জিন্সে দেখা গেছে পূজাকে। চোখে সানগ্লাস, হাতে ঘড়ি ও আঙুলে রিং ছিল। ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসির পাশাপাশি ফিঙ্গার হার্ট পোজ দিয়েছেন তিনি।
ছবিটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা পেতে শুরু করেন অভিনেত্রী। অনেকেই তার আত্মবিশ্বাসী মনোভাব ও পরিণত চিন্তার প্রশংসা করেছেন।
শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পথচলা শুরু করেন পূজা চেরি। পরে বড়পর্দায় নায়িকা হিসেবে পরিচিতি পান। ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর ‘দহন’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
বড়পর্দার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও কাজ করছেন পূজা। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টায় এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম