যোগফল প্রতিবেদক:
বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়া কিশোর গোপালের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার পর কেরানীগঞ্জ সংলগ্ন আলম মার্কেট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নদীর ঠিক কোন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে নামার পর নিখোঁজ হয় গোপাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
শুক্রবার রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাতের অন্ধকার ও আলোর স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকালে আবারও তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার অভিযানের পর নদী থেকে গোপালের মরদেহ উদ্ধার করা হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম