যোগফল প্রতিবেদক:
হাওরাঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘জলপবন’। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় নির্মাণাধীন সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র ‘নিরালা’ হিসেবে দেখা যাবে অভিনেত্রী রুনা খানকে।
গত ১৫ আগস্ট থেকে সুনামগঞ্জের হাওর এলাকায় শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। হাওরাঞ্চলের মানুষের বাস্তব জীবন ও প্রকৃতির সঙ্গে তাঁদের সম্পর্ককে চলচ্চিত্রের গল্পে তুলে ধরা হবে বলে জানা গেছে।
‘জলপবন’ প্রসঙ্গে রুনা খান বলেন, এটি মূলত অপেক্ষার গল্প। সিনেমাটিতে তিনি ‘নিরালা’ চরিত্রে অভিনয় করছেন। হাওর এলাকার মানুষের জীবনের নানা গল্প উঠে আসবে চলচ্চিত্রটিতে। দর্শকদের একটি ভালো মানের সিনেমা উপহার দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন প্রাচ্যনাটের সদস্য সুশান্ত পৃথ্বীরাজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সামিউল হক। পাশাপাশি স্থানীয় কয়েকজন অভিনয়শিল্পীও সিনেমাটিতে যুক্ত হয়েছেন, যাঁদের অনেকেই থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত।
এদিকে রুনা খান অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ এবং মাসুদ পথিকের ‘বক’ উল্লেখযোগ্য।
২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ‘সিসিমপুর’-এ ‘সুমনা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুনা খানের অভিনয়জীবন শুরু হয়। এরপর ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
২০১৭ সালে ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রুনা খান।
‘জলপবন’-এ হাওরের প্রকৃতি, মানুষের জীবন ও অপেক্ষার গল্পের সঙ্গে রুনা খানের ‘নিরালা’ চরিত্রটি দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম