চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে এক নারীর গোপনে ভিডিও ধারণের অভিযোগে জিতু পাল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। জিতু পাল আনোয়ারা উপজেলার বাসিন্দা। তিনি গত সাত-আট মাস ধরে ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।
জানা গেছে, শুক্রবার রাতে এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান। একপর্যায়ে তিনি ওয়াশরুমে গেলে গোপনে মোবাইল ফোনের মাধ্যমে তার ভিডিও ধারণের চেষ্টা করা হচ্ছে বলে বুঝতে পারেন। পরে তিনি বিষয়টি বুঝে জিতু পালকে হাতেনাতে আটক করেন।
এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে জিতুর মোবাইল ফোন পরীক্ষা করেন। তাদের দাবি, ফোনে ওই নারীর গোপনে ধারণ করা ভিডিও পাওয়া যায়। একই সঙ্গে আরও কয়েকজন নারীর গোপন ভিডিওও ফোনটিতে পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু পালকে আটক করে থানায় নিয়ে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।