যোগফল প্রতিবেদক:
নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাড়ে চার বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামে এক ব্যক্তি। এতে তিনি ও তার শিশু সন্তান আরিয়ান গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
২২ আগস্ট সন্ধ্যায় নরসিংদী শহরের আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
আল আমিন নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে। তিনি পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। আহত শিশুটির নাম আরিয়ান।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তার স্ত্রী কিছুদিন আগে তাকে ছেড়ে চলে যান। তবে তাদের সাড়ে চার বছরের সন্তান আরিয়ান বাবার কাছেই ছিল। এরপর স্ত্রীকে ফিরিয়ে এনে আবার সংসার করার চেষ্টা করছিলেন আল আমিন।
সম্প্রতি স্ত্রী সংসারে ফিরে আসবেন বলে আশ্বাস দেওয়ায় তার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়েও স্ত্রী ফিরে না আসায় হতাশ হয়ে পড়েন আল আমিন। পরে সন্ধ্যার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আরশিনগর এলাকা অতিক্রম করার সময় সন্তানকে কোলে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন তিনি।
ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর আহত হন। আল আমিনের মাথা ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে। শিশুটিও মাথায় আঘাত পেয়েছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনির হোসেন জানান, বাবা ও সন্তান দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বাবা ও সন্তান আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম