যোগফল প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাত যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট সকালে একই মহাসড়কের ওসমানীনগর এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। ওই দুর্ঘটনার মাত্র ১৫ দিনের মাথায় একই এলাকায় আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম