যোগফল প্রতিবেদক:
স্ট্যামফোর্ড ব্রিজে জোয়াও পেদ্রোর চুক্তির মেয়াদ শেষ হতে এখনও বেশ কয়েক বছর বাকি ছিল। এর মধ্যেই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে চেলসি। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩৪ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে থাকবেন ২৪ বছর বয়সী পেদ্রো।
শনিবার এক বিবৃতিতে চুক্তি নবায়নের খবর নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে নতুন চুক্তির আর্থিক বিষয়গুলো প্রকাশ করেনি তারা।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের দলে পেদ্রোর জায়গা না পাওয়া অনেককেই অবাক করেছিল। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়েন তিনি। তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এড়াতেই দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটল চেলসি।
নতুন চুক্তিতে খুশি পেদ্রোও। তিনি বলেন, ‘আমি সবসময় বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখেছি। আর এই ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারাটা আমার জন্য অনেক কিছু।’
২০২৫ সালের জুলাইয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন থেকে চেলসিতে যোগ দেন পেদ্রো। ক্লাবটিতে এসেই ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
চেলসির সঙ্গে পেদ্রোর প্রথম চুক্তির মেয়াদ ছিল ২০৩২ সাল পর্যন্ত। চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও ছিল। তবে অভিষেক মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করে ক্লাব কর্তৃপক্ষকে সন্তুষ্ট করেন এই ফরোয়ার্ড।
আগামী সোমবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের অভিযান শুরু করবে চেলসি। এর আগেই পেদ্রোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ধরে রাখার বার্তা দিল ক্লাবটি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম