যোগফল প্রতিবেদক:
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।
সম্প্রতি জিম থেকে বের হওয়ার সময় কারিনা কাপুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তার পেট কিছুটা স্ফীত দেখায়। এরপরই নেটিজেনদের একাংশ ধারণা করেন, অভিনেত্রী হয়তো তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।
তবে কারিনার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ভিডিওতে দেখা স্ফীত পেটের সঙ্গে গর্ভধারণের কোনো সম্পর্ক নেই। ছুটিতে থাকা অবস্থায় অতিরিক্ত পাস্তা ও পিৎজা খাওয়ার কারণে তাকে কিছুটা ভারী দেখাচ্ছিল। এর সঙ্গে ভিডিও ধারণের ক্যামেরা অ্যাঙ্গেলও তার চেহারায় এমন পরিবর্তন দেখানোর কারণ বলে জানানো হয়েছে।
কারিনার ননদ সাবা আলি খান পতৌদিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গর্ভধারণের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি ইঙ্গিত দেন, ভিডিওটি সম্ভবত একটি ‘খারাপ অ্যাঙ্গেল’-এর কারণে এমন দেখিয়েছে। মজার ছলে সাবা বলেন, গুঞ্জনটি সত্যি হলে তিনি অবশ্যই খুশি হতেন। একই সঙ্গে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান না করার আহ্বান জানান তিনি।
এদিকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর। মেঘনা গুলজারের পরিচালনায় নির্মিত ক্রাইম-থ্রিলার ‘দায়রা’ সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন।
এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এবং পিএস মিথরনের পরিচালনায় একটি পৌরাণিক জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী হিন্দি সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয়ের জন্য কারিনার সঙ্গে আলোচনা চলছে বলেও জানা গেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম