যোগফল প্রতিবেদক:
পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় নিয়ে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিইর সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত সম্প্রতি এক চিঠিতে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ডিপিইর জুলাই ২০২৬-এর মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ থিমের আওতায় অধিদপ্তরের আওতাধীন প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় নিয়ে বৃক্ষরোপণের পরিকল্পনা প্রস্তুত করতে হবে।
পরিকল্পনায় বিদ্যালয়ভিত্তিক কতটি গাছ লাগানো হবে, কোথায় লাগানো হবে এবং কীভাবে কার্যক্রম বাস্তবায়ন করা হবে—এসব বিষয় উল্লেখ করতে হবে। পাশাপাশি পুরো কার্যক্রম বাস্তবায়নের সময় নির্ধারণ করে একটি ক্যালেন্ডারও প্রস্তুত করতে বলা হয়েছে।
ডিপিইর নির্দেশনায় আরও বলা হয়েছে, শুধু পরিকল্পনা তৈরি করলেই হবে না; প্রস্তুত করা পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।
‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করা। একটি শিশুর সঙ্গে একটি গাছের সম্পর্ক তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ভিত্তিক পরিকল্পনা ও ক্যালেন্ডার অনুযায়ী বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে কর্মসূচিটি দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখবে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও সবুজ ও পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম