যোগফল প্রতিবেদক:
বাগেরহাটের কচুয়া উপজেলায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাইয়ুম (২৬) আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেদার মল্লিক ওই এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রতিবেশী এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উত্তেজনা বাড়লে তা সংঘর্ষে রূপ নেয়।
বেদার মল্লিকের পরিবারের অভিযোগ, প্রতিবেশী রমজান, তাঁর স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি এবং দরজার ডাসা নিয়ে বেদার মল্লিক, তাঁর স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন।
এতে বেদার মল্লিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের আরও দুজন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর রমজান, তাঁর স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে কার কী ভূমিকা ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নিহত এবং তাঁর ছেলে আহত হয়েছেন। ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম