যোগফল প্রতিবেদক:
যশোরে স্বর্ণের কারিগর আল আমিন হোসেন (২৯) ওরফে ‘পেরেক আল আমিন’ হত্যা মামলায় সৌরব হোসেন তুষার (২৮) নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (২৩ আগস্ট) ভোরে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তুষার শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে শনিবার শহরের মণিহার এলাকা থেকে ‘ব্ল্যাক আলামিন’ নামে মামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফলে আল আমিন হত্যা মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট বিকেলে যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় আল আমিন হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের মা আয়মা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তুষারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তুষারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম