যোগফল প্রতিবেদক:
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যতদিন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন, ততদিন ইরানের নিয়ন্ত্রণে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়া হবে না।
ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাসের এক বক্তব্যের জবাবে নেতানিয়াহু এ মন্তব্য করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
এর আগে ইসরায়েলের আরব অধ্যুষিত তায়েবে শহরে দলের সাধারণ সম্মেলনে মনসুর আব্বাস বলেন, ফিলিস্তিন ইতোমধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিদ্যমান। বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রেরও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
আব্বাসের এই আহ্বানের তীব্র বিরোধিতা করে নেতানিয়াহু বলেন, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইরানের নিয়ন্ত্রণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না।
আসন্ন ২৭ অক্টোবরের নেসেট নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর এমন কঠোর অবস্থান সামনে এসেছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়ার দৌড়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাদের জোটসঙ্গীরা পিছিয়ে রয়েছে।
চ্যানেল ১৩-এর সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, বর্তমানে ৩২টি আসন থাকা লিকুদ নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৫১টি আসন পেতে পারে। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তারা ১০ আসন পিছিয়ে থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, নির্বাচনে ভরাডুবির আশঙ্কার মধ্যে উগ্র ডানপন্থি ও রক্ষণশীল ভোটারদের সমর্থন ধরে রাখতেই নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতায় আরও কঠোর অবস্থান তুলে ধরছেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম