যোগফল প্রতিবেদক:
নারী যাত্রীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে। টিকিটিং প্ল্যাটফর্ম সহজের প্রযুক্তিগত সহযোগিতায় এ সেবা চালু করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী মোট ১৪টি মহিলা বাসে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে ই-টিকিট দেওয়া হবে। বাসে ওঠার পর নারী যাত্রীরা পিওএস মেশিন ব্যবহার করে দ্রুত ও সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।
সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ই-টিকিটিং চালুর ফলে টিকিট বিক্রির প্রক্রিয়ায় আরও শৃঙ্খলা ও স্বচ্ছতা আসবে। পাশাপাশি নারী যাত্রীদের সেবার মানও উন্নত হবে।
কার্যক্রম বাস্তবায়নে সহজ লিমিটেড প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। সেবাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের টিম বিআরটিসির বিভিন্ন ডিপোতে গিয়ে মহিলা বাসের কন্ডাক্টরদের পিওএস মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে।
প্রশিক্ষণে মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সহজের পক্ষ থেকে বলা হয়েছে, বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং চালু নারী যাত্রীদের জন্য গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পিওএসভিত্তিক টিকিটিংয়ের ফলে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হবে এবং যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।
ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৪টি মহিলা বাসে এই সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে সহজ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম