যোগফল প্রতিবেদক:
বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ও নাট্যনির্দেশক মহসিনা আক্তার। গত ২১ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে ইরফান উদ্দিনের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মহসিনার স্বামী ইরফান উদ্দিন পেশায় সিনেমাটোগ্রাফার ও নাট্যকর্মী। দুজনই ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’-এর সঙ্গে যুক্ত। একসঙ্গে মঞ্চে কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। পরবর্তী সময়ে সেই সম্পর্কই গড়ায় বিয়েতে।
রোববার (২৩ আগস্ট) মহসিনা জানান, ইরফান একজন সংবেদনশীল মানুষ। সমাজ ও মানুষকে দেখার ক্ষেত্রে দুজনের চিন্তাভাবনায় মিল রয়েছে। এ কারণেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ইরফান ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ‘বিনোদিনী’, ‘দ্য টেল অব সাদ’ ও ‘দ্য সানফ্লাওয়ার’সহ কয়েকটি কনটেন্টে সিনেমাটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনিচে ফিল্ম প্রোডাকশন বিষয়ে পড়াশোনার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ‘রিজওয়ান’ নাটকে ফাতিমা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান মহসিনা। পরে জামিল আহমেদের নেতৃত্বে গড়ে ওঠা ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’-এর প্রতিষ্ঠাতা সদস্য হন তিনি ও ইরফান।
মহসিনা অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘বিস্ময়কর সবকিছু’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’। মঞ্চের পাশাপাশি ‘জয়া আর শারমিন’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশনাতেও কাজ করেছেন মহসিনা। তার নির্দেশিত নাটকের মধ্যে রয়েছে ‘তবুও জেগে উঠি’, ‘ইন্দুর-বিলাই খেল’ ও ‘শেষরক্ষা’।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম