যোগফল প্রতিবেদক:
মানিকগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রাসেল মিয়া (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলার জয়পাড়া বটতলা মন্দিরসংলগ্ন এলাকা থেকে চোরাই গাড়িসহ তাকে গ্রেপ্তার করে পিবিআই মানিকগঞ্জ টিম। গ্রেপ্তার রাসেল মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকার বাসিন্দা।
পিবিআই সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকায় কাউছার আলী রাজিবের গ্যারেজের তালা ভেঙে মহসীন মিয়ার মালিকানাধীন প্রাইভেটকারটি চুরি হয়। সকালে গাড়িটির সন্ধান না পেয়ে মালিকপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পিবিআই তদন্ত শুরু করে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে ধামরাই এলাকায় অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকারটি উদ্ধার এবং রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাড়ি চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম