যোগফল প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশের পর ২০০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙাব্রিজ এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক দীপ রুদ্র পাল (২২) ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নাইঘর ভাঙাব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় দীপ রুদ্র পালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম