যোগফল প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা মুন্সিরটেক এলাকায় অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে ঐশি রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় মাহমুদা বেগমের বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐশি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সমশ্যামনগর এলাকার সাগর চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্লে-নার্সারির শিক্ষার্থী ছিল।
ঐশি বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরের মুন্সিরটেক এলাকায় মোজাফফর আলীর বাড়িতে ভাড়া থাকত। তার বাবা পেশায় চা দোকানি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল ঐশি। পথে মাহমুদা বেগমের বহুতল ভবনের অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সফিপুরের তানহা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেফটি ট্যাংকটির ঢাকনা না থাকায় এটি অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। এ কারণেই শিশুটি সেখানে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ভবন মালিকের এমন উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম