যোগফল প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুল নামে এক ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেট ও একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডসহ আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও ভুয়া এনআইডি কার্ড উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
অভিযানে একই বাড়ি থেকে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি কার্ড উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব কার্ড কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কোনো চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের আরও দাবি, আটক শফিকুলকে জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া এনআইডি কার্ডের উৎস ও ব্যবহারসহ বিভিন্ন অপরাধের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।
শফিকুল আটকের ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম