যোগফল প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদলের সাবেক নেতা মাহাবুব আলম। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার কথাও জানিয়েছেন তিনি। তার ব্যতিক্রমী এই কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় আলোচনা।
সোমবার (৩ আগস্ট) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন মাহাবুব আলম। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
মাহাবুব আলম জানান, ২০০৬ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। পরে ২০১৩ সালে গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পর পারিবারিক ও ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের কষ্ট এবং নিজের ভবিষ্যতের কথা বিবেচনা করে এখন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করতে চান।
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রতীকী ঘোষণা হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করেন। এ সময় তার মা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণাও দেন তিনি।
এদিকে মাহাবুব আলমের দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ব্যতিক্রমী এইভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম