যোগফল প্রতিবেদক:
কয়েক বছর ধরে ময়লা-আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহৃত হয়ে আসা নরসিংদীর শিবপুরের বানিয়াদি ডিসি রোডের একটি স্থান এখন পরিণত হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছের বাগানে। উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ময়লার স্তূপ সরিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব স্থান।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ও জনদুর্ভোগ ছিল নিত্যদিনের ঘটনা। গুরুত্বপূর্ণ দুটি সড়কের পাশে ময়লার স্তূপ থাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। পাশাপাশি ময়লা-আবর্জনার কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছিল।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয়দের পক্ষ থেকে ময়লার ভাগাড়টি সরানোর দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের উদ্যোগে জায়গাটি পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
উদ্যোগটি উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন ও সাবেক পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিমের যৌথ বাস্তবায়নে করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, যেখানে আগে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকত, সেখানে এখন বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ শোভা পাচ্ছে। দুর্গন্ধের পরিবর্তে জায়গাটি হয়ে উঠেছে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশের একটি সুন্দর স্থান।
ব্যতিক্রমী এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে ময়লার ভাগাড়কে সবুজায়নের মাধ্যমে বদলে দেওয়ার উদ্যোগটি প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম