যোগফল প্রতিবেদক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় তিন বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তারা।
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম