যোগফল প্রতিবেদক:
পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক গল্পের ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’ মুক্তির অপেক্ষায়। মো. আক্তার হোসেন পরিচালিত সিনেমাটি আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।
‘শব্দহীন যন্ত্রণা’তে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, নিরাপত্তা, পারিবারিক সচেতনতা ও অভিভাবক-সন্তানের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। কৈশোরের আবেগ, অজ্ঞতা ও অপরিপক্বতার একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলতে পারে, সেই বাস্তবতাকে গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
ওয়েব ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। কাহিনিতে কিশোরী মায়ার গর্ভাবস্থাকে কেন্দ্র করে কিশোর বয়সে গর্ভধারণের শারীরিক ও মানসিক ঝুঁকি, সময়মতো চিকিৎসা ও কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এবং অভিভাবকদের দায়িত্ব তুলে ধরা হয়েছে।
পাশাপাশি বয়সোপযোগী প্রজনন স্বাস্থ্যশিক্ষা এবং কিশোর-কিশোরীদের সঙ্গে পরিবারের খোলামেলা যোগাযোগের প্রয়োজনীয়তাও গুরুত্ব পেয়েছে।
ডা. তৃণা ইসলাম চিকিৎসক ও গবেষক হিসেবে কাজ করার পাশাপাশি সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক হিসেবেও পরিচিত। তার লেখা গল্পের মাধ্যমে কিশোর-কিশোরীদের প্রতি পরিবারের দায়িত্ব ও সচেতনতার বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু, আজম খান, শশী আফরোজা ও লালশি। কিশোর ও শিশু চরিত্রে অভিনয় করেছেন সিফাত, আভা, আনাস, আজুয়াত, আজমিন ও আরুশা।
নির্মাতা জানান, ‘শব্দহীন যন্ত্রণা’ দর্শকদের আবেগ স্পর্শ করার পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অভিভাবক-সন্তান সম্পর্ক, প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও সামাজিক সহমর্মিতা নিয়ে পরিবার ও সমাজে ইতিবাচক আলোচনা তৈরি করবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম