যোগফল প্রতিবেদক:
ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভাব্য ম্যাচ নিয়ে দেশের ফুটবল অঙ্গনে আলোচনা চলছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেললেই দেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এমনটা মনে করেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় প্রতিনিধি দলটি।
এরপর থেকেই সম্ভাব্য বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে ম্যাচ আয়োজনের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় বাফুফের আর্থিক সক্ষমতা নিয়েও আলোচনা চলছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে একটি বক্সিং কোচিং কোর্সে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল হক। এ সময় তিনি জানান, ব্রাজিলের সঙ্গে ম্যাচ আয়োজনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, বাফুফে সভাপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ম্যাচের সম্ভাব্য খরচ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। আলোচনা এগিয়ে গেলে ম্যাচটি আয়োজনের জন্য চেষ্টা করা হবে।
বাংলাদেশে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থকের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এমন ম্যাচ আয়োজন করা গেলে সমর্থকদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে পারে। তবে শুধু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেললেই দেশের ফুটবলের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
তিনি বলেন, বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য অবকাঠামো, খেলোয়াড় তৈরির প্রক্রিয়া ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচের প্রসঙ্গও তুলে ধরেন আমিনুল হক। তার ভাষ্য, ওই ম্যাচ আয়োজনের পর বাফুফেকে দীর্ঘ সময় ধরে ঋণের বোঝা বহন করতে হয়েছে। তাই বড় বাজেটের একটি ম্যাচ আয়োজনের পাশাপাশি দেশের ফুটবলের টেকসই উন্নয়নকেও গুরুত্ব দিতে হবে।
দেশের ফুটবলের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে বাফুফে কাজ করছে এবং সরকারও সহযোগিতা করছে। পাশাপাশি ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে ফুটবলসহ বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
তবে সব সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজন করা সম্ভব হলে সেটি দেশের ফুটবলের জন্য একটি নতুন মাইলফলক হতে পারে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম