যোগফল প্রতিবেদক:
কলকাতার অভিনেতা ও রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রির কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়া ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজ কাপুর শর্মা নামে এক কাঠমিস্ত্রি কলকাতার বেহালা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজ করছিলেন রাজ কাপুর। গত ১২ মে ৫৫ হাজার টাকায় কাজটির চুক্তি হয়। এর মধ্যে অগ্রিম হিসেবে তাকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগকারীর দাবি।
পরবর্তীতে কাজের পরিধি বাড়লে আরও দুটি আলমারি তৈরির কাজ শুরু করেন তিনি। কাজ অর্ধেক শেষ হওয়ার পর বকেয়া পারিশ্রমিক চাইলে সোহম তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।
রাজ কাপুরের অভিযোগ, পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে সোহমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। এ ঘটনায় সোহমের পাশাপাশি তার দেহরক্ষী তোতন সর্দারের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সোহম চক্রবর্তীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত জুলাই মাসেও এক ব্যবসায়ী সোহমের বিরুদ্ধে ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে কলকাতার চারু মার্কেট থানায় মামলা করেছিলেন বলে জানা গেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম