যোগফল প্রতিবেদক:
নরসিংদীতে চলমান গ্যাস সংকট নিরসন ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ব্যবসায়ী, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির প্রতিনিধি, তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, গ্যাস সংকটের এ সময়ে নরসিংদীর চাহিদা পূরণের পর অন্য জেলার চাহিদা বিবেচনা করা উচিত। শিল্পসমৃদ্ধ জেলা হিসেবে নরসিংদীর বিভিন্ন কারখানা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলার উৎপাদিত কাপড় দেশের বড় একটি অংশের চাহিদা পূরণ করে। গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকলে নরসিংদীর শিল্পকারখানাগুলো বড় ধরনের সংকটে পড়বে। এর প্রভাব স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও পড়তে পারে। তাই শিল্পকারখানাগুলো সচল রাখতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ সংশ্লিষ্টরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম