যোগফল প্রতিবেদক:
সাভারে পৃথক তিনটি এলাকা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকা থেকে আদনান হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে মেইটকা এলাকা থেকে সালমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, লালটেক এলাকা থেকে মোহাম্মদ তন্ময় হোসেন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম