যোগফল প্রতিবেদক:
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলেন সেনাসদস্য সোহেল কাজী। বুধবার সকালে শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সোহেল কাজী পরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে স্ত্রী তুলি ও শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন সোহেল কাজী। পথে ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যায়।
এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তুলি। গুরুতর আহত অবস্থায় সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে পাঠানো হয়। সেখানে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সেনাসদস্যও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় গড়াই পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম