যোগফল প্রতিবেদক:
অর্থের অভাবে দেশের কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর তিনি এলাকার মানুষের কথা শুনতে তাদের কাছে এসেছেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, দলের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাড়া-মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে যোগ্য ও ত্যাগী মানুষকে দলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট শ্রেণি-পেশার মানুষের দল নয়। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই দলের লক্ষ্য।
নেতাকর্মীদের সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই রাজনৈতিক নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব।
অর্থের অভাবে যেসব দরিদ্র পরিবারের শিশু পড়াশোনা করতে পারছে না, তাদের খুঁজে বের করে সহযোগিতার ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি। এসব শিশুর শিক্ষাজীবন চালিয়ে নিতে সরকার আর্থিক সহায়তা করবে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী।
তিনি আরও বলেন, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে। কোনো নাগরিক যেন শুধুমাত্র অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কাজ করবে।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম