যোগফল প্রতিবেদক:
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি ও আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’। প্ল্যাটফর্মটিতে নাগরিকরা নিজেদের পরিচয় প্রকাশ না করেই বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিজ্ঞতা জানাতে পারবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতার ভিত্তিতে ‘চাঁন্দাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।
প্ল্যাটফর্মটির মাধ্যমে চাঁদা দাবি, ভয়ভীতি দেখানো, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবি এবং বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে আর্থিক হয়রানির মতো ঘটনার তথ্য জানানো যাবে।
অভিযোগ জানানোর সময় ঘটনার স্থান, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ থাকবে। চাইলে অভিযোগকারী নিজের পরিচয় গোপন রাখতে পারবেন।
তবে উদ্যোক্তারা জানিয়েছেন, প্ল্যাটফর্মে জমা দেওয়া কোনো অভিযোগকে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ, তদন্তের ফলাফল কিংবা কোনো অপরাধ প্রমাণিত হওয়ার ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতা নথিবদ্ধ করার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।
তাদের দাবি, এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের কোন কোন এলাকায় বা কোন কোন খাতে চাঁদাবাজি ও অবৈধ অর্থ দাবির অভিযোগ বেশি আসছে, সে সম্পর্কে একটি প্রাথমিক চিত্র পাওয়া যেতে পারে।
অভিযোগ প্রকাশের আগে তা মডারেশনের আওতায় আনার ব্যবস্থাও রাখা হয়েছে। ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর ও অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিকে যাচাই করা বা প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
‘চাঁন্দাবিডি ডটকম’-এর উদ্যোক্তারা বলেন, কাউকে অপমান করা বা অপরাধী হিসেবে চিহ্নিত করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা তৈরি করা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম