যোগফল প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন এলাকা বারিক্কার টিলায় ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফ টিলা (বারিক্কার টিলা) সংলগ্ন একটি জঙ্গলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দুপুরে ওই নারীকে ভাত খাওয়ানোর কথা বলে বারিক্কার টিলা এলাকার ফুটবল মাঠ থেকে পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যান সাইদুল। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় আশপাশের কয়েকজন বিষয়টি দেখতে পান বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি মাতাল অবস্থায় ছিলেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে বুধবার রাত ৮টার দিকে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান সজল ও এএসআই টিপুসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে বারিক্কার টিলার বড়গোফ টিলা এলাকার নিজ বাড়ি থেকে সাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক সাইদুল ইসলাম বড়গোফ টিলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, তারা জঙ্গলের ভেতর ওই নারীকে চিৎকার করতে শুনেছেন। তবে অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত ও উত্তেজিত অবস্থায় থাকায় ভয়ে তারা তাৎক্ষণিকভাবে এগিয়ে যাননি বলে জানান।
এদিকে, অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম। তার দাবি, স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তাকে ফাঁসাতে ওই নারীকে ব্যবহার করে ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম