যোগফল প্রতিবেদক:
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও থানা ঘেরাও করেছেন মোটর শ্রমিকরা। এ সময় বিভিন্ন সড়কে বাস আড়াআড়ি করে রেখে অবরোধ করায় দিনাজপুরের সঙ্গে আন্তজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা কোতোয়ালি থানার প্রধান ফটকে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করেন।
এ ছাড়া দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর বাস আড়াআড়ি করে রাখা হয়। দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীরবন্দরসহ কয়েকটি স্থানেও ব্যারিকেড দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা শেখ বাদশার মুক্তির দাবি জানিয়েছেন। অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা বিভিন্ন রুটের পাশাপাশি ঢাকাগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে কোতোয়ালি থানার প্রধান ফটকের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, গ্রেপ্তার শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম