যোগফল প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিনে গভীর রাতে একটি নসিমনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নসিমনটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়িটি হারিয়ে পরিবারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মালিক দ্বীন ইসলাম মোল্লা।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায়।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, কাচিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন মোল্লার ছেলে দ্বীন ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে নসিমনটি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে গত রাতে তিনি নসিমনটি দালাল বাজারে রেখে বাড়িতে চলে যান।
পরে গভীর রাতে দুর্বৃত্তরা নসিমনটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ইঞ্জিনসহ নসিমনের সবকিছু পুড়ে যায়।
দ্বীন ইসলাম মোল্লা বলেন, নসিমনটি চালিয়েই তার পরিবারের সংসার চলত। এটি পুড়ে যাওয়ায় পরিবারের আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
স্থানীয়রা জানান, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে নসিমনটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে নসিমনটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম