যোগফল প্রতিবেদক:
নতুন আইফোনের অপেক্ষায় থাকা প্রযুক্তিপ্রেমীদের জন্য শিগগিরই আসতে পারে সুখবর। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টার দিকে শুরু হতে পারে অনুষ্ঠানটি। ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন আইফোনসহ একাধিক ডিভাইস উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
এবারের ইভেন্টের ট্যাগলাইন রাখা হয়েছে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরের আয়োজনটি অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ। নতুন আইফোন উন্মোচনের পর বছরের শেষভাগের উৎসবকেন্দ্রিক বাজারে বিক্রি বাড়ানোর সুযোগ তৈরি হয়।
আসন্ন আইফোন ১৮ প্রো নিয়ে ইতোমধ্যেই প্রযুক্তি অঙ্গনে নানা আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদন ও গুঞ্জন অনুযায়ী, আগের মডেলের তুলনায় ফোনটির প্রসেসর, ক্যামেরা ও ডিসপ্লেতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
ফোনটিতে অ্যাপলের নতুন এ২০ প্রো চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১২ জিবি র্যাম থাকার কথাও শোনা যাচ্ছে। ডিসপ্লেতে আরও উন্নত ও উজ্জ্বল এলটিপিও+ প্রযুক্তি এবং আগের তুলনায় ছোট ডায়নামিক আইল্যান্ড দেখা যেতে পারে।
ব্যাটারিতেও আপগ্রেড আসার সম্ভাবনা রয়েছে। ক্যামেরা বিভাগে ৪৮ মেগাপিক্সেলের প্রধান সেন্সরের পাশাপাশি পরিবর্তনশীল অ্যাপারচার প্রযুক্তি ও স্ট্যাকড সেন্সর যুক্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অ্যাপল। ফলে চূড়ান্ত স্পেসিফিকেশন জানতে লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আইফোন ১৮ প্রো-এর সম্ভাব্য দাম নিয়েও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভারতে ফোনটির প্রাথমিক দাম প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯০০ রুপি হতে পারে। অন্যদিকে ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের সম্ভাব্য দাম ধরা হচ্ছে প্রায় ১ লাখ ৪৪ হাজার ৯০০ রুপি।
এ ছাড়া ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম প্রায় ১ লাখ ৫৪ হাজার ৯০০ রুপি হতে পারে বলেও দাবি করা হচ্ছে।
তবে এগুলো এখনো অনুমান বা ফাঁস হওয়া তথ্যের ওপর ভিত্তি করে বলা হচ্ছে। অ্যাপল আনুষ্ঠানিকভাবে মূল্য ঘোষণা না করা পর্যন্ত এসব দাম নিশ্চিত নয়।
নতুন আইফোনের দাম বাড়ার সম্ভাবনার পেছনে অন্যতম কারণ হিসেবে মেমরি কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো তৈরিতে মেমরির চাহিদা দ্রুত বাড়ায় বিশ্ববাজারে সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে।
এর ফলে মেমরি ও অন্যান্য হার্ডওয়্যার উপাদানের উৎপাদন ব্যয় বাড়তে পারে। আর সেই বাড়তি খরচের প্রভাব নতুন আইফোনের খুচরা দামেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, আইফোন ১৮ প্রো নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। তবে ফোনটির চূড়ান্ত ফিচার, দাম ও বাজারে আসার তারিখ সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাই করতে হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম