যোগফল প্রতিবেদক:
ভবিষ্যতের জন্য কষ্ট করে জমানো প্রায় দুই লাখ টাকা আলমারিতে রেখে দিয়েছিলেন দিনমজুর তোফাজ্জল হোসেন। কিন্তু হঠাৎ দেখতে পান, উইপোকার আক্রমণে তার জমানো টাকাগুলো নষ্ট হয়ে গেছে। জীবনের সঞ্চয় এভাবে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
তোফাজ্জলের সেই অসহায়ত্বের খবর প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন সৌদি আরবপ্রবাসী এক যুবক। গাইবান্ধার সুন্দরগঞ্জের তোফাজ্জলের কষ্টের কথা জানতে পেরে সুমন নামের ওই প্রবাসী তাকে সহায়তা করার সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ আগস্ট) সৌদি আরব থেকে দেশে এসে সুন্দরগঞ্জে তোফাজ্জলের সঙ্গে দেখা করেন সুমন। পরে নিজের উদ্যোগে তার হাতে তুলে দেন দুই লাখ টাকা—যে পরিমাণ অর্থ উইপোকার কারণে নষ্ট হয়েছিল।
জমানো টাকার সমপরিমাণ অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তোফাজ্জল। আনন্দ ও আবেগে তার চোখে পানি চলে আসে। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা ভবিষ্যতের স্বপ্ন যেন আবারও নতুন করে ফিরে পেয়েছেন তিনি।
তোফাজ্জল হোসেন বলেন, ‘স্বপ্নেও ভাবি নাই, আমি আমার টাকা আবার পাব। টাকাগুলো নষ্ট হওয়ার পর মনে হয়েছিল, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ভবিষ্যতের জন্য টাকাগুলো জমাইছিলাম।’
প্রবাসী সুমনের এই সহায়তায় তোফাজ্জলের পরিবারে ফিরে এসেছে স্বস্তি। হারিয়ে যাওয়া সঞ্চয়ের সমপরিমাণ অর্থ ফিরে পেয়ে নতুন করে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন অসহায় এই দিনমজুর।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম