যোগফল প্রতিবেদক:
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একসঙ্গে তিনটি সাপের দেখা মেলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপের দেখা মেলে। ওই তলাতেই রয়েছে শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বলেন, করিডোরে সাপের উপস্থিতির বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাটি সত্য।
প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। পরে আরও একটি সাপ সেখানে দেখা যায়। সাপগুলো করিডোরে ছোটাছুটি করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
সচিবালয়ের ১৯ তলার মতো উঁচু ভবনের করিডোরে সাপের উপস্থিতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আশঙ্কা, ভবনের কোনো স্টোরেজ বা অন্য কোনো জায়গায় আরও সাপ থাকতে পারে। এ কারণে মন্ত্রণালয়ের ভেতরে অনেকের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম