যোগফল প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে কাউছার আহমেদ রাতুল (১৭) এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তাদের অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে দুপুরের দিকে দুজনেরই মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম