যোগফল প্রতিবেদক:
নেত্রকোনার বারহাট্টায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের সঙ্গে হাতাহাতির ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছয়গাঁও গ্রামে জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই আবুল (৫২) ও হিল্লোলের (৪০) বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে আবুল ও হিল্লোলের ভগিনীপতি সাজু মিয়া রফিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন।
আলোচনার একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আবুল ও হিল্লোলের কিল-ঘুসিতে রফিকুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তিনি মনাষ রোডের একটি দোকানের সামনে গিয়ে বসেন। কিছুক্ষণ পর সেখানেই হঠাৎ ঢলে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার এসআই কাদির আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম